চট্টগ্রাম-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান বলেছেন, রাজনীতি কখনোই কৌশল বা ক্ষমতা দখলের মাধ্যম নয়; রাজনীতি মানুষের সেবার একটি পবিত্র দায়িত্ব। তিনি বলেন, রাজনীতি মানে সেবা- কোনো কৌশল নয়। আমি রাজনীতিকে ইবাদত মনে করি।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) নগরীর ৮ নম্বর ষোলকবহর ওয়ার্ডের মির্জাপুল এলাকার আব্দুল হামিদ রোড থেকে শুরু করে আব্দুল লতিফ রোড, আরকান সোসাইটি, বাদুরতলা, বড় গেরেজ, আল মাদানী রোড, আব্দুল্লাহ খান রোড ও শেখ বাহারুল্লাহ রোডসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে সাঈদ আল নোমান সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সেগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। রাজনীতি যদি মানুষের কল্যাণে ব্যবহার না হয়, তাহলে তার কোনো মূল্য নেই।
তিনি আরও বলেন, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি চর্চাই তাঁর মূল লক্ষ্য। চট্টগ্রাম-১০ আসনের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, টেকসই উন্নয়ন এবং নাগরিক সুবিধা উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন বলেও জানান।
সাঈদ আল নোমান বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধ, মানবিক ও বাসযোগ্য বিশ্বমানের চট্টগ্রাম গড়ে তুলতে চান তিনি।
পথসভা ও গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

