বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সাবেক এমপি মামুন-মুজিবসহ সাবেক ১৮ এমপির গাড়ি নিলামে উঠছে

এবার ১৮টি গাড়ি নিলামে তোলার উদ্যোগ নিচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। যার মূল্য প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। নিলামটি আগামী ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর আগেই কাস্টমস নিলামে তুলছে ৪৫ লট পণ্য। এর মধ্যে তোলা হচ্ছে ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্জের একটি গাড়ি। যার সংরক্ষিত মূল্য রাখা হয়েছে ১৬ কোটি ১০ লাখ ৮৯ হাজার ১৩৬ টাকা।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে জানা যায়, বন্দর কর্তৃপক্ষ ইতোমধ্যে কাস্টমস কর্তৃপক্ষকে নিলাম প্রক্রিয়া শুরু করার জন্য প্রয়োজনীয় নথি সরবরাহ করেছে। শুল্কমুক্ত স্কিমের আওতায় আমদানি করা ২৪টি ল্যান্ড ক্রুজার গাড়ির মোট আনুমানিক মূল্য প্রায় ২৮৮ কোটি টাকা। সাধারণত ৮৫০ শতাংশ শুল্ক প্রয়োগের পরে প্রতিটি গাড়ির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। তবে শুল্কমুক্ত স্কিমের আওতায় এমপিরা প্রতিটি গাড়ি মাত্র ১ দশমিক ৩ কোটি টাকায় পেতেন।

বুধবার (২৩ অক্টোবর) ১৮টি গাড়ির নথি আনুষ্ঠানিকভাবে বন্দরের কাছ থেকে কাস্টমস নিলাম শাখায় হস্তান্তর করা হয়েছে। নিলাম শাখা থেকে গাড়ি আমদানিকারক সাংসদদের কাছে শুল্কসহ ১৫ দিনের সময়ে নোটিশ পাঠানো হয়েছে।

এতে রয়েছে চট্টগ্রামের সাবেক সাংসদ সীতাকুণ্ডের এস আল মামুন, বাঁশখালীর মুজিবুর রহমানসহ অভিনেত্রী তারানা হালিম, ময়মনসিংহের আব্দুল ওয়াহেদ, জামালপুরের আবুল কালাম আজাদ, খুলনার এসএম কামাল হোসেন, নওগাঁর সুরেন্দ্র নাথ চক্রবর্তী, গাইবান্ধার শাহ সরোয়ার কবির, ব্রাহ্মণবাড়িয়ার এসএকে একরামুজ্জামান, নেত্রকোনার সাজ্জাদুল হাসান, ঝিনাইদাহের নাসের শাহরিয়ার জাহেদী, যশোরের তৌহিদুজ্জামান, সুনামগঞ্জের মুহাম্মদ সাদিক এবং আরও পাঁচজন সাংসদদের গাড়ি।

চট্টগ্রাম কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ‘সাবেক এমপিদের গাড়িগুলো বন্দর কর্তৃপক্ষ আমাদের বুঝিয়ে দিয়েছে। নিলাম শাখা থেকে আমদানিকারকদের বরাবরে নোটিশ পাঠানো হয়েছে। এর বিপরীতে কোনো জবাব না পেলে এই গাড়িগুলোও নিলাম প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হবে।’

নিলাম কবে হবে জানতে চাইলে তিনি বলেন, ‘নিলাম হতে আরও সময় লাগবে। কারণ আমরা আজকেসহ গত কয়েকদিনে চিঠি পাঠিয়েছি ১৫ দিনের সময় দিয়ে। আইন অনুযায়ী প্রথম নোটিশের জবাব না পেলে পুনরায় নোটিশ পাঠাতে হবে। দুইটি নোটিশে ৩০ দিন সময় দেওয়া হবে। এছাড়া প্রসেসিংয়েও কিছু সময় লাগবে। সব মিলিয়ে এ নিলাম ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এর মধ্যে আর কোনো নিলাম আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘পচনশীল পণ্যের নিলাম নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ৪৫ লট পণ্যের একটি নিলাম ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন ফেব্রিকস, ছবির অ্যালবামের ক্যাটালগ, লুবরিক্যান্টসহ একটি নন-হাইব্রিড এএমজি জি৬৩ মডেলের ব্র্যান্ড নিউ মার্সিডিস বেঞ্জ তোলা হবে। গাড়িটির ম্যানুফেকচার ডেট ২০২২। এ নিলামের পণ্যগুলো দেখার জন্য ৩০ ও ৩১ অক্টোবর সময় রাখা হয়েছে।’

নূর/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...