ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতার বৈধতা নিয়ে করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ। এর ফলে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল হয়েছে এবং তাঁর ক্ষেত্রে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে না।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দেন।
এর আগে গত ১৫ জুন আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে রায়ের জন্য দিন ধার্য করেছিলেন আদালত। মঙ্গলবার আপিল মঞ্জুর করে রায় ঘোষণা করা হয়।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নেন আসলাম চৌধুরী। তবে আপিল বিভাগের পূর্ববর্তী আদেশে তাঁর নির্বাচনী ফলাফল স্থগিত রাখা হয়েছিল। মঙ্গলবারের রায়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসে।
রায়ের পর জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আপিল মঞ্জুর হওয়ায় আসলাম চৌধুরী অযোগ্য হয়েছেন। তাঁর প্রার্থিতা বাতিল হয়েছে এবং তাঁর ক্ষেত্রে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে না।
এর আগে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রেখে দেওয়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।
গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ ওই লিভ টু আপিল মঞ্জুর করে নির্দেশ দেন, আসলাম চৌধুরী নির্বাচনে জয়ী হলেও আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর ক্ষেত্রে ফলাফল প্রকাশ স্থগিত থাকবে।
পরে গত ৩১ মার্চ আনোয়ার সিদ্দিকী পৃথক আপিল দায়ের করেন। ২৮ এপ্রিল আপিল বিভাগের চেম্বার আদালত আপিলটি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠান।
এদিকে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্যাংক এশিয়া পিএলসি ও যমুনা ব্যাংক পিএলসিও পৃথক লিভ টু আপিল করে। এসব আবেদনের ধারাবাহিকতায় আপিল বিভাগে একযোগে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে আদালত দুই জ্যেষ্ঠ আইনজীবী—এম কামরুল হক সিদ্দিকী ও প্রবীর নিয়োগীকে অ্যামিকাস কিউরি হিসেবে নিয়োগ দেন। জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আসলাম চৌধুরীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন ও মো. মিফতাহ উদ্দিন চৌধুরী। এছাড়া ব্যাংক এশিয়ার পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম এবং যমুনা ব্যাংকের পক্ষে আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির আদালতে বক্তব্য উপস্থাপন করেন।
সাব্বির, চট্টলা২৪

