সংগঠনের তিন কর্মীকে হত্যার প্রতিবাদে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে অবরোধ।
সরেজমিনে দেখা যায়, অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করছে।
এছাড়া, ৯ উপজেলার সঙ্গে যাত্রীবাহী যানবাহন চলাচল অনেকটাই কম। অবরোধের সমর্থনে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রামগড় অংশে টায়ার জ্বালিয়েছে পিকেটাররা।
গতকাল বুধবার সকালে খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফের তিন কর্মী নিহত হন। পানছড়ির লতিবান ইউনিয়নের শুকনাছড়ির শান্তি রঞ্জন পাড়ায় এই ঘটনা ঘটে।
নিহতেরা হলেন সিজন চাকমা, শাসন ত্রিপুরা ও জয়েন চাকমা।
তিন কর্মীকে হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল বুধবারই খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।
চৌধুরী/চট্টলা২৪

