রাঙামাটির কাপ্তাইয়ে পাহাড়ি ঢলের ভাঙনে উপজেলা সদরের মডেল মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকিতে পড়েছে। যেকোনো সময় বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয়রা।
সম্প্রতি টানা ভারি বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ছড়ার পাড়ের প্রায় ৯ মিটার অংশ ধসে গেছে। এতে মডেল মসজিদটির পাশে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। পাশাপাশি উপজেলা ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রসংলগ্ন কবরস্থানে যাওয়ার রাস্তা ও একটি কালভার্টও ভাঙনের মুখে পড়েছে।
মডেল মসজিদের খতিব হাফেজ মো. সোলাইমান বলেন, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ ও জুমার দিনে বিপুলসংখ্যক মুসল্লি মসজিদে আসেন। ভাঙনের কারণে মসজিদ ও মুসল্লিদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে কবরস্থানে যাওয়ার একমাত্র কালভার্টটিও ধসে পড়তে পারে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম বলেন, ভাঙন সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা জানান, প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং স্থায়ীভাবে ভাঙন প্রতিরোধে কাজ শুরু হয়েছে।
ফারুক, চট্টলা২৪

