ফসফরিক অ্যাসিডের সংকটে টানা ২০ দিন ধরে বন্ধ রয়েছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডিএপি সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। গত ২৮ জুন সকাল ৮টা থেকে কারখানাটিতে সার উৎপাদন বন্ধ রয়েছে।
কারখানা সূত্রে জানা গেছে, ডিএপি সার উৎপাদনের প্রধান কাঁচামাল ফসফরিক অ্যাসিড সরবরাহের জন্য চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ই-জিপির মাধ্যমে ২০ হাজার টন আমদানির দরপত্র আহ্বান করে। এতে মেসার্স আর কে এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। চুক্তি অনুযায়ী জুনের মধ্যেই কাঁচামাল সরবরাহের কথা থাকলেও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা ও যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে তা সম্ভব হয়নি।
কাঁচামাল সংকট কাটাতে বিসিআইসি নতুন করে একাধিক দরপত্র আহ্বান করলেও কোনো প্রতিষ্ঠান অংশ নেয়নি। পরে আরও দুটি দরপত্র আহ্বান করা হয়েছে, যেগুলো আগামী ৮ আগস্ট ও ৯ সেপ্টেম্বর খোলা হবে।
ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক বলেন, কারখানাটি চালু রাখতে দৈনিক ৬০০ টন ফসফরিক অ্যাসিড প্রয়োজন। মজুত শেষ হয়ে যাওয়ায় ২৮ জুন থেকে উৎপাদন বন্ধ রয়েছে। কাঁচামাল সরবরাহ শুরু হলে পুনরায় উৎপাদন চালু করা হবে।
ফারুক, চট্টলা২৪

