দেশব্যাপী আলোচিত বগুড়া-২ (শিবগঞ্জ) সংসদীয় আসনের তিন ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। গণশুনানির ভিত্তিতে নবগঠিত ইউনিয়নগুলোর নতুন নাম ঘোষণা করেছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
রোববার (১৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করে প্রস্তাব পাস করা হয়। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন নাম অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার মীরবাড়ি ইউনিয়নের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বেতগাড়ী ইউনিয়ন। আর মোকামতলা উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুন নাম জগন্নাথপুর ইউনিয়ন এবং দিগন্ত ইউনিয়নের নতুন নাম রহবল ইউনিয়ন করা হয়েছে।
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান বলেন, সমন্বয় সভায় তিনটি ইউনিয়নের নতুন নাম অনুমোদন করা হয়েছে। এখন প্রস্তাবটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে।
গত ১৪ জুন জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক পুনর্গঠনের অংশ হিসেবে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। এগুলোর নাম রাখা হয়েছিল মীরবাড়ি, সীমান্ত, দিগন্ত ও স্বর্ণগ্রাম।
এর মধ্যে মীরবাড়ি নামটি বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম। অন্যদিকে সীমান্ত ও দিগন্ত নাম দুটি তার দুই ছেলে মীর শাকরুল আলম সীমান্ত ও মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে মিলে যাওয়ায় নামকরণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়েও আলোচনা সৃষ্টি হয়।
পরে বিষয়টি জাতীয় সংসদে স্পিকারের নজরে আনেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। তবে প্রতিমন্ত্রী মীর শাহে আলম তখন বিষয়টিকে ‘কাকতালীয়’ বলে দাবি করেন।
নামকরণ নিয়ে বিতর্কের পর স্থানীয় প্রশাসন নতুন করে গণশুনানির আয়োজন করে। এর আগে ২১ জুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে তিনটি ইউনিয়নের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পরে ২৩ জুন মীরবাড়ি, সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের বিষয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়। ২৫ জুন দিগন্ত ইউনিয়নের নতুন নাম নির্ধারণে দ্বিতীয় দফায় গণশুনানি হয়।
গণশুনানি শেষে প্রশাসনের পক্ষ থেকে তিনটি ইউনিয়নের নতুন নাম নির্ধারণ করে তা অনুমোদনের জন্য প্রস্তাব করা হয়। রোববারের সমন্বয় সভায় সেই প্রস্তাব অনুমোদন পেল।
ফারুক, চট্টলা২৪

