বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ঘিরে সমর্থকদের উন্মাদনার কমতি নেই। প্রিয় দলের জয় কামনায় নানা আয়োজনের অংশ হিসেবে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গরু জবাই করে ভূরিভোজের আয়োজন করেছেন আর্জেন্টিনার সমর্থকেরা।
রোববার (১৯ জুলাই) ফাইনাল ম্যাচ উপলক্ষে উপজেলার কুশলা ইউনিয়নের পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে কে এম চাঁদ মিয়া পাবলিক লাইব্রেরি অ্যান্ড স্পোর্টিং ক্লাব চত্বরে এ আয়োজন করা হয়।
সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে আর্জেন্টিনার সমর্থকেরা সেখানে জড়ো হয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠেন। উপজেলার বিভিন্ন এলাকাতেও সমর্থকদের উদ্যোগে ভূরিভোজের আয়োজন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন ক্লাব ও সংগঠনের পক্ষ থেকে খেলা দেখার জন্য বড় পর্দার ব্যবস্থা করা হয়েছে।
পবনাপাড় গ্রামের আর্জেন্টিনা সমর্থক বরকতউল্লাহ বলেন, ‘২০২২ সালের বিশ্বকাপ ফাইনাল উপলক্ষেও আমরা ভূরিভোজের আয়োজন করেছিলাম। সেই ধারাবাহিকতায় এবার ১ লাখ ৩০ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছি। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি এতিম ও অসহায় মানুষের জন্যও খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
উপজেলা যুবদলের সদস্যসচিব ও আর্জেন্টিনা সমর্থক মান্নান শেখ বলেন, ‘কান্দি ইউনিয়নের আর্জেন্টিনা সমর্থকদের উদ্যোগে ১২টি স্থানে প্রায় ৮ হাজার মানুষের খাবারের আয়োজন করা হয়েছে। বড় পর্দায় খেলা দেখার পাশাপাশি উপস্থিত দর্শকদের খাওয়ানোর ব্যবস্থাও করা হয়েছে।’
ক্লাব ও সংগঠনের পাশাপাশি অনেক সমর্থকের বাড়িতেও ফাইনাল ম্যাচ উপলক্ষে চলছে বিশেষ খাবারের আয়োজন।

