বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

বান্দরবানে বন্যায় ৪৫৮ হেক্টর কৃষিজমির ফসল নষ্ট

বান্দরবানের আলীকদম উপজেলায় টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার চার ইউনিয়নের বিভিন্ন এলাকার ফসলি জমি ও সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় প্রায় ৪৫৮ হেক্টর কৃষিজমির ফসল নষ্ট হয়েছে। এতে পুঁজি ও আয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

সরেজমিনে দেখা গেছে, আলীকদম সদর, চৈক্ষ্যং, নয়াপাড়া ও কুরুকপাতা ইউনিয়নের বিভিন্ন এলাকার কৃষিজমি বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিচু এলাকার ফসলের মাঠ এখনো পানিতে তলিয়ে আছে। এতে আমন ও আউশ ধান, বেগুন, করলা, চিচিঙ্গা, ঢেঁড়শ, শসা, মরিচ ও পেঁপেসহ বিভিন্ন মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষকেরা জানান, জমি প্রস্তুত, বীজতলা তৈরি, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের পেছনে লাখ লাখ টাকা খরচ করে ফসল উৎপাদন করেছিলেন। কিন্তু পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে একসঙ্গে সব নষ্ট হয়ে গেছে। অনেক কৃষক ধারদেনা ও ঋণ নিয়ে চাষাবাদ করায় এখন ঋণের টাকা পরিশোধ নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক কাউসার উদ্দিন বাপ্পি, বেলাল ও আবছার বলেন, ধারদেনা করে সবজি ও পেঁপে চাষ করেছিলেন। বন্যায় সব ফসল নষ্ট হয়েছে। এখন নতুন করে চাষাবাদ করার সামর্থ্যও নেই। সরকার প্রণোদনা বা সহজ শর্তে কৃষিঋণ দিলে আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।

চৈক্ষ্যং ইউনিয়নের পাট্টাখাইয়া পাড়া কৃষক সমবায় সমিতি লিমিটেডের মো. মিজবাহ উদ্দিন বলেন, তার সমিতিতে ১০০ থেকে ১৫০ জন কৃষক রয়েছেন। তারা সবাই কৃষির ওপর নির্ভরশীল। অতিদরিদ্র এসব কৃষক ধারদেনা করে চাষাবাদ করেছিলেন। কিন্তু বন্যায় তাদের সবকিছু নষ্ট হয়েছে। সরকারি সহযোগিতা ছাড়া তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন।

উপজেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, চার ইউনিয়নের কোনটিতে কত হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ক্ষতির পরিমাণ কত তা নিরূপণে তালিকা প্রস্তুতের কাজ চলছে।

আলীকদম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মো. সোহেল রানা বলেন, গত ৫ জুলাই থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষিখাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে কৃষি প্রণোদনার আওতায় আনা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে কৃষকদের প্রণোদনা, সবজির বীজসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...