সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সরকার শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ নেই, পুনর্বাসন কার্যক্রমও শুরু করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
রোববার (১৯ জুলাই) নগরীর দক্ষিণ কাট্টলীর কাজীর দিঘীর পাড় এলাকায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, সাম্প্রতিক দুর্যোগে অনেকের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে, আবার কারও বসতঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অসংখ্য পরিবার মানবেতর জীবনযাপন করছে। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ চলছে।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন পুনর্বাসন কর্মসূচির বাইরে না থাকে, সে লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করা হচ্ছে। ভবিষ্যতে একই ধরনের দুর্যোগে মানুষের ভোগান্তি কমাতে স্থায়ী সমাধানের বিষয়েও সরকার কাজ করছে।
এর আগে উত্তর আগ্রাবাদের খান সাহেব স্কুল প্রাঙ্গণে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল বিতরণ করেন সাঈদ আল নোমান। পরে নসিমন ভবনে দলীয় কার্যালয়ে আরও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়।
এদিকে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে এবং সাঈদ আল নোমানের সহযোগিতায় চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যেও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাঈদ আল নোমান বলেন, দেশের উন্নয়নের চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। দুর্যোগে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পাশে দাঁড়ানো নৈতিক, সামাজিক ও মানবিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সংগঠনকেও অসহায় মানুষের পাশে এগিয়ে আসতে হবে।
চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি আলহাজ এ. এম. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

