চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম বলেছেন, জেলা পরিষদে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। কর্মকর্তা-কর্মচারীদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের কল্যাণে কাজ করাই হবে জেলা পরিষদের প্রধান লক্ষ্য।
সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
শামীম বলেন, দীর্ঘ প্রায় ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে জনগণের আরও কাছাকাছি থেকে জেলা পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চান। অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতির সংস্কৃতি ছিল উল্লেখ করে তিনি বলেন, এখন সময় এসেছে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জেলা পরিষদ পরিচালনার। কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এখানে নতুন হলেও আপনারা অভিজ্ঞ। আপনাদের সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। কোনো সমস্যা বা প্রয়োজন হলে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন। এমন কর্মপরিবেশ নিশ্চিত করা হবে, যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন।’
জেলা পরিষদের সীমিত বাজেটের বিষয়টি তুলে ধরে প্রশাসক বলেন, চট্টগ্রামের উন্নয়নের স্বার্থে বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদের সঙ্গে আলোচনা করা হবে এবং ভবিষ্যতে পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এর আগে রোববার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন মাহবুবের রহমান শামীম।
পরিচিতি সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এসএম খালেদ উদ্দীন জামান, প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঞাসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সাব্বির, চট্টলা২৪

