বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

হামলা-দখল-ঝুট বাণিজ্যের অভিযোগে চাপে ভালুকার এমপি

জুলাই গণ-অভ্যুত্থানের পর ময়মনসিংহের ভালুকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান দখলের চেষ্টা, চাঁদাবাজি, হামলা-মামলা এবং ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইতোমধ্যে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপি।

দলীয় সূত্র জানায়, জুলাই গণ-অভ্যুত্থানের পর শিল্পপ্রতিষ্ঠান দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বিএনপি থেকে বহিষ্কৃত হন ফখর উদ্দিন। পরদিন দলীয় সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে ভালুকা থানায় মামলা করেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স)। তবে পরবর্তীতে তিনি ওই মামলা থেকে অব্যাহতি পান এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে ময়মনসিংহ-১১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সংসদ সদস্য হওয়ার পর তাঁর অনুসারীদের বিরুদ্ধে দলীয় প্রতিপক্ষের ওপর হামলা, মিথ্যা মামলা, ঝুট ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা এবং শিল্পপ্রতিষ্ঠানে প্রভাব বিস্তারের অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা কারণ দর্শানোর নোটিশে তাঁর কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়।

এদিকে, গত ১৪ জুন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ দেন ভালুকা উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফ হাসান। অভিযোগে বলা হয়, সংসদ সদস্য ফখর উদ্দিনের নির্দেশে ছাত্রদলের কর্মী সম্মেলনে অংশ নিতে যাওয়া নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। একই সঙ্গে সংসদ সদস্য হওয়ার পর তিনি এলাকায় একক আধিপত্য প্রতিষ্ঠা, দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, মিথ্যা মামলায় হয়রানি এবং রাজনৈতিক প্রতিপক্ষ দমনের অভিযোগও তোলেন।

এ ছাড়া ভালুকা শিল্পাঞ্চলের ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েও স্থানীয় বিএনপির দুটি পক্ষের মধ্যে বিরোধ চরমে পৌঁছেছে। দলীয় একাধিক সূত্রের দাবি, সংসদ সদস্য হওয়ার পর ফখর উদ্দিনের অনুসারীরা বিভিন্ন শিল্পকারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা শুরু করেন। এতে আগে থেকে ব্যবসার সঙ্গে জড়িত অপর পক্ষের সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়।

সম্প্রতি এনভয় টেক্সটাইলস লিমিটেডের একটি ট্রাক আটকে দেওয়ার ঘটনাতেও স্থানীয় বিএনপির কয়েকজন নেতার নাম উঠে আসে। শিল্প পুলিশের তথ্যমতে, পরে ট্রাকটি উদ্ধার করা হলেও প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মামলা করা হয়নি।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের সময়ও তিনি দলের কোনো পদে ছিলেন না। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর দল তাঁকে মনোনয়ন দেয় এবং তিনি ময়মনসিংহ জেলায় সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হন। তাঁর ভাষ্য, এলাকায় তাঁর কোনো নিজস্ব লোক নেই। তাঁর ভাই বা আত্মীয়স্বজন কেউ ব্যবসার সঙ্গে জড়িত নন। তাঁর নামে যাঁদের ‘লোক’ বলা হচ্ছে, তা একটি দুষ্ট চক্রের অপপ্রচার।

হামলা, মামলা কিংবা কারখানা দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো কারখানার মালিক তাঁর বিরুদ্ধে অভিযোগ করেননি। তিনি নিজে বা তাঁর কোনো আত্মীয়কে কোনো কারখানায় পাঠিয়েছেন—এমন অভিযোগও কেউ প্রমাণ করতে পারবেন না। তিনি আরও জানান, কেন্দ্রীয় বিএনপির দেওয়া কারণ দর্শানোর নোটিশের জবাব ইতোমধ্যে তিনি জমা দিয়েছেন।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেন, দলীয় হাইকমান্ড কোনো অনৈতিক বা অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযোগের ক্ষেত্রে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...