ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আব্দুল্লাহ আল মাহফুজ নামে এক শিক্ষার্থীর বিরুদ্ধে আরেক শিক্ষার্থীকে ওয়াশরুমে যেতে বাধা দেওয়া, গালিগালাজ, মারধর এবং ‘গেস্টরুমে’ নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী আহমেদ শাহারিয়ার বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র। অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহফুজ ২০২০–২১ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী ও একই হলের আবাসিক ছাত্র।
এ ঘটনায় সোমবার রাতে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক স. ম. আলী রেজার কাছে লিখিত অভিযোগ জমা দেন আহমেদ শাহারিয়ার। অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন হল প্রাধ্যক্ষ।
ফুটবল বিশ্বকাপের ফাইনালের রাতে বিজয় একাত্তর হলের গেস্টরুমসংলগ্ন ওয়াশরুমে যেতে চাইলে আব্দুল্লাহ আল মাহফুজ বাধা দেন বলে অভিযোগ করেছেন আহমেদ শাহারিয়ার। পরে কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁকে গালিগালাজ ও মারধর করা হয় বলেও তিনি দাবি করেন।
তবে মাহফুজ অভিযোগ অস্বীকার করে বলেন, নারী অতিথিরা ওয়াশরুম ব্যবহার করছিলেন, তাই শাহারিয়ারকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হয়েছিল। এরপরই বাক্বিতণ্ডা হয়, কিন্তু মারধর বা হুমকি দেওয়া হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাহফুজের রাজনৈতিক পরিচয় নিয়েও পাল্টাপাল্টি দাবি উঠেছে। ছাত্রদল তাঁকে শিবিরের সঙ্গে যুক্ত বললেও শিবির তা নাকচ করেছে। অন্যদিকে শাহারিয়ারকে ছাত্রদলের সদস্য বলছেন ছাত্রদল নেতারা।
সোহাইল, চট্টলা২৪

