দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো নৈতিক ও মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার (২১ জুলাই) নগরীর পূর্ব বাকলিয়া চেয়ারম্যানঘাটা এলাকায় হাজী মোহাম্মদ ইউসুফ ফাউন্ডেশনের উদ্যোগে ৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মেয়র বলেন, কোনো পরিবার যেন কষ্টে না থাকে, সে লক্ষ্যেই চসিক ধারাবাহিকভাবে সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। শুধু ত্রাণ বিতরণ নয়, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন, জলাবদ্ধতা নিরসন এবং নাগরিক দুর্ভোগ কমাতেও কাজ চলছে। তিনি খাল-নালা পরিষ্কার রাখা ও যেখানে-সেখানে ময়লা না ফেলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মেয়র ৪০০ সুবিধাভোগী পরিবারের হাতে ঢেউটিন তুলে দেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান।
এছাড়া বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ, চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সোহাইল, চট্টলা২৪

