চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নিয়োগপ্রত্যাশীদের জন্য হঠাৎ এল এক বড় বার্তা। বিগত ২০১৯ ও ২০২০ সালে প্রকাশিত পাঁচটি ভিন্ন ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেগুলোর অধীনে নেওয়া সমস্ত কার্যক্রম পুরোপুরি বাতিল ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। চবক বোর্ডের সাম্প্রতিক এক সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া বাতিল বলে গণ্য হচ্ছে।
গতকাল সোমবার (২০ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল হওয়া বিজ্ঞপ্তির মধ্যে রয়েছে একাউন্টস বা ফাইন্যান্স বা অডিট অফিসার, জুনিয়র একাউন্টস অ্যাসিস্টেন্ট বা জুনিয়র অডিটর, স্টাফ অফিসার, গ্রীজার এবং ভান্ডারী পদ। এসব পদে বহু চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন এবং দীর্ঘ দিন ধরে নিয়োগ প্রক্রিয়ার অগ্রগতির অপেক্ষায় ছিলেন। তবে চবক বোর্ড সিদ্ধান্ত নম্বর ২০০৫৮ অনুযায়ী প্রার্থীদের আগের সব আবেদন এবং এ যাবৎ গৃহিত যাবতীয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো।
দীর্ঘ দিন ঝুলে থাকা এই নিয়োগগুলো বাতিল হওয়ায় আবেদনকারীদের মধ্যে হতাশা দেখা দিলেও নতুন আশা জাগাচ্ছে বন্দর কর্তৃপক্ষের পরবর্তী বার্তা। নোটিশে স্পষ্ট জানানো হয়েছে, চট্টগ্রাম বন্দরের বিদ্যমান প্রকৃত শূন্য পদের হিসাব কষে খুব শীঘ্রই নতুন করে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। ফলে নতুন বিজ্ঞপ্তিতে পুরনোদের পাশাপাশি অন্যান্য যোগ্য প্রার্থীরাও নতুন করে আবেদনের সুযোগ পাবেন।
তবে বিজ্ঞপ্তি এখন চট্টগ্রামের বিভিন্ন ফেসবুক গ্রুপে প্রচুর শেয়ার হতে দেখা যাচ্ছে। সিএন্ডএফ নিউ জেনারেশন নামের একটি ফেসবুক গ্রুপে মো. রিয়াদ হোসেন নামের একজন লিখেন, চাকরির জন্য যাদের ঘুষ দিয়েছিলেন, আজ প্রয়োজনের সময় তাদের কাউকেই খুঁজে পাবেন না। তাই ঘুষ নয়—যোগ্যতা, সততা ও পরিশ্রমের ওপর ভরসা করুন। এগুলোই শেষ পর্যন্ত মানুষের পাশে থাকে।
সোহাইল, চট্টলা২৪

