চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২২ জুলাই) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় নয়জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধির ৩০২ ধারায় মো. নেজাম উদ্দিনকে দোষী সাব্যস্ত করেন। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানার ভিত্তিতে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালে পটিয়া উপজেলার মৃত কবির আহমদের ছেলে মো. নেজাম উদ্দিনের সঙ্গে শাহনাজ বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শাহনাজ অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার কথা বলে ২০১২ সালের সেপ্টেম্বর মাসে তাকে চট্টগ্রাম নগরীতে নিয়ে আসেন নেজাম। তবে হাসপাতালে ভর্তি না করে বহদ্দারহাটের স্বজন সুপার মার্কেট সংলগ্ন হোটেল আল-রেজার ৩১৯ নম্বর কক্ষে ওঠেন তারা। পরে ওই কক্ষ থেকেই শাহনাজের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় শাহনাজের বাবা মো. আজগর আলী চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। অভিযোগে তিনি দাবি করেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তদন্ত শেষে পুলিশ মো. নেজাম উদ্দিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৪ সালের ১৮ মার্চ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করলে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।
সোহাইল, চট্টলা২৪

