সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন নির্ধারিত দিনেও আদালতে জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ফলে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৭ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত। এর মাধ্যমে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের সময় ১২৮তম বারের মতো পিছিয়ে গেল।
বুধবার (২২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্তকারী সংস্থা প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় নৃশংসভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটির তদন্ত শুরুতে শেরেবাংলা নগর থানা-পুলিশের হাতে থাকলেও পরে দায়িত্ব দেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরবর্তীতে তদন্তভার পায় র্যাব। ঘটনার এক যুগ পর গত বছরের নভেম্বরে র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়ে তদন্ত শুরু করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
দীর্ঘ ১৪ বছরেও বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়ায় এবং বারবার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পেছানোয় ভুক্তভোগী পরিবার ও সাংবাদিক মহলে হতাশা বিরাজ করছে।
ফারুক, চট্টলা২৪

