জীবিকার তাগিদে এক দশক আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন লক্ষ্মীপুরের মো. মিল্লাত হোসেন (৪০)। পরিবারের স্বপ্ন পূরণে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করলেও শেষ পর্যন্ত কর্মস্থলেই দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছে তাকে।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি বহুতল ভবনে নির্মাণকাজ করার সময় ১০ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিল্লাত হোসেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ মুন্সী বাড়ির বাসিন্দা। প্রায় ১০ বছর আগে উন্নত জীবনের আশায় মালয়েশিয়ায় যান তিনি। সেখানে দীর্ঘদিন ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার পরিবারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন।
নিহতের ভাই ও পদ্মাবাজার মদিনা ফার্মেসির মালিক মো. শরীফ হোসেন জানান, কর্মস্থলে কাজ করার সময় ১০ তলা ভবন থেকে পড়ে তার ভাইয়ের মৃত্যু হয়। হঠাৎ এমন সংবাদে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। খবর পাওয়ার পর থেকে স্বজনদের আহাজারিতে বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এদিকে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।
ফারুক, চট্টলা২৪

