দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেওয়া আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। তিনি দিল্লি পুলিশের কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে তাদের ‘গুন্ডা’ বলে অভিহিত করেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাতে সিজেপির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেতা নিজের প্রতিক্রিয়া জানান।
ভিডিও বার্তায় নাসিরুদ্দিন শাহ বলেন, ‘যদি একজন অজ্ঞ ব্যক্তি এই দেশের নেতৃত্ব দেয়, তাহলে সে চাইবে পুরো দেশও তার মতো অজ্ঞ, অবিবেচক, অযোগ্য ও নির্মম হয়ে উঠুক।’
শিক্ষার্থীদের ওপর পুলিশি লাঠিচার্জের নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমি খুব মর্মাহত। আমাদের সন্তানদের সঙ্গে যেভাবে নির্যাতন করা হচ্ছে, তা দেখে আমি রাগে ফুঁসছি। এসব গুন্ডাদের দেখে আমার যুক্তরাষ্ট্রের আইসিই এজেন্টদের কথা মনে পড়ে। যাদের মুখে মুখোশ, হাতে লাঠি। এটাও মনে রাখুন, একদিন আপনাদেরও নিজেদের কাজের পরিণতির মুখোমুখি হতে হবে।’
আন্দোলনরত তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা সাহস হারিও না। অনেক মানুষ তোমাদের পাশে রয়েছে। তোমরা তোমাদের ন্যায্য লড়াই চালিয়ে যাও। আমাদের দেশের তরুণ প্রজন্মের ওপর আমার সব সময়ই আস্থা ছিল। এখন সেই আস্থা আরও দৃঢ় হয়েছে। আমরা তোমাদের সঙ্গেই আছি।’
উল্লেখ্য, দিল্লিতে সিজেপির ‘চলো সংসদ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফারুক, চট্টলা২৪

