বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা সদর নিয়ে উত্তপ্ত ফটিকছড়ি, রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল

চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তরের স্থান পরিবর্তনের দাবিতে আবারও আন্দোলনে নামছেন তিন ইউনিয়নের বাসিন্দারা। দাবি আদায়ে আগামী রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি ঘোষণা করেছে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন কমিটি

মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেঁয়াকো বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক একরামুল হক।

তিনি অভিযোগ করেন, প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) গেজেটে গণশুনানির সুপারিশ উপেক্ষা করে পুরোনো ফটিকছড়ি উপজেলার নিকটবর্তী পশ্চিম ভূজপুর মৌজাকে নতুন উপজেলার সদর দপ্তর নির্ধারণ করা হয়েছে। এতে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে না।

সংবাদ সম্মেলনে দাবি জানানো হয়, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী যেকোনো উপযুক্ত স্থানে নতুন উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থাপন করতে হবে, যাতে উত্তরাঞ্চলের মানুষ সহজে সরকারি সেবা গ্রহণ করতে পারেন।

বাস্তবায়ন কমিটির নেতারা জানান, বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের সর্বস্তরের জনগণ রোববার থেকে ৪৮ ঘণ্টার সর্বাত্মক হরতাল পালন করবেন। এ সময় ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়ক এবং মিরসরাই-ফটিকছড়ি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, ওষুধবাহী যানসহ জরুরি সেবার যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও দীর্ঘমেয়াদি কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, গত ১ জুলাই অনুষ্ঠিত নিকার সভায় ফটিকছড়ি উপজেলা বিভক্ত করে ফটিকছড়ি উত্তর নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলার সদর দপ্তর ভূজপুর থানা কার্যালয়-সংলগ্ন এলাকায় নির্ধারণ করা হলেও উত্তরাঞ্চলের বাসিন্দারা দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নের মধ্যবর্তী স্থানে সদর দপ্তর স্থাপনের দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, এতে প্রায় আড়াই লাখ মানুষ সহজে প্রশাসনিক সেবা পাবেন।

এর আগে একই দাবিতে গত ১৬ জুলাই বাগানবাজার, দাঁতমারা ও নারায়ণহাট ইউনিয়নে দিনব্যাপী হরতাল পালিত হয়েছিল।

সংবাদ সম্মেলনে বাস্তবায়ন কমিটির অন্যতম সমন্বয়ক ও ভূজপুর থানা যুবদলের সাবেক সভাপতি নুরুল আমীন, বাগানবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, ফটিকছড়ি উত্তর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এ বি এম সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধি শেখ জাহিদ, মো. ইমাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...