গ্রাহকসেবাকে আরও দক্ষ, স্বচ্ছ ও ডিজিটাল করতে ওয়ান-স্টপ সার্ভিসভিত্তিক বিলিং সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে ওয়াটারএইড বাংলাদেশ ও চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে ‘বিলিং সিস্টেম উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম ওয়াসার নতুন ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় ৩৬ জন মিটার পরিদর্শক ও চট্টগ্রাম ওয়াসার ১২ জন কর্মকর্তা অংশ নেন। উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মিজ শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম।
কর্মশালায় বিদ্যমান বিলিং প্রক্রিয়া, বর্তমানে ম্যানুয়ালি পরিচালিত বিভিন্ন সেবা এবং প্রস্তাবিত ডিজিটাল ব্যবস্থাকে আরও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় মাঠপর্যায়ে কর্মরত মিটার পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং বিভিন্ন সুপারিশ তুলে ধরেন, যা ভবিষ্যৎ ডিজিটাল প্ল্যাটফর্ম উন্নয়নে কাজে লাগানো হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে চট্টগ্রাম ওয়াসাকে পূর্ণাঙ্গ ডিজিটাল সেবাব্যবস্থায় রূপান্তরিত করতে হবে। এ লক্ষ্যে ওয়াটারএইড বাংলাদেশের প্রস্তাব ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমরা সবকিছুর ঊর্ধ্বে চট্টগ্রাম ওয়াসার স্বার্থকে গুরুত্ব দিতে চাই। ডিজিটালাইজেশন ও স্বচ্ছতার মাধ্যমে গ্রাহকদের সেবার মান উন্নত করাই আমাদের লক্ষ্য। বিলিং সিস্টেম উন্নত হলে গ্রাহকসেবার মানও নিশ্চিতভাবে বাড়বে।”
এ সময় ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে প্রয়োজনীয় মতামত ও সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি। পাশাপাশি নিম্ন-আয়ের জনগোষ্ঠীর কাছ থেকে রাজস্ব আদায় কার্যক্রম আরও শক্তিশালী করতে ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। এ ক্ষেত্রে ঢাকা ওয়াসার সঙ্গে ওয়াটারএইডের পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগানোরও আহ্বান জানান।
চট্টগ্রাম ওয়াসা জানায়, এ কর্মশালার মাধ্যমে ওয়াটারএইড বাংলাদেশ ও চট্টগ্রাম ওয়াসার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে একটি দক্ষ, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব ডিজিটাল বিলিং প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
ফারুক, চট্টলা২৪

