বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

এমপি গাজী নজরুলের ভিডিও বিতর্ক: নিরপেক্ষ তদন্তের দাবি তাসনিম জারার

সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিও এবং এক তরুণীর জীবনবৃত্তান্ত (সিভি) নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর সাবেক নেত্রী তাসনিম জারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে গাজী নজরুল ইসলামকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। তবে এ বিষয়ে এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, প্রথম স্ত্রীর সম্মতিতে গত ১৭ জুন তিনি ওই তরুণীকে বিয়ে করেছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই তরুণীর একটি জীবনবৃত্তান্তও আলোচনার জন্ম দিয়েছে। সেখানে সবুজ কালির কলমে ‘জোর সুপারিশ করছি’ লিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর এবং ২২ জুন ২০২৬ তারিখ উল্লেখ রয়েছে। তবে ওই জীবনবৃত্তান্তে তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ লেখা থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার (২২ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তাসনিম জারা বলেন, পুরো ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন।

পোস্টে তিনি লেখেন, জীবনবৃত্তান্ত অনুযায়ী তরুণীর বয়স ১৮ বছর এবং তিনি এসএসসি পাসের পর চাকরি খুঁজছিলেন। এমন পরিস্থিতিতে কোনো ক্ষমতাবান ব্যক্তির সুপারিশের ওপর নির্ভর করতে হওয়া সমাজের বাস্তবতা বলেও মন্তব্য করেন তিনি।

তাসনিম জারা আরও বলেন, বর্তমানে যে অভিযোগ সামনে এসেছে, তা সাধারণ কোনো বিতর্ক নয়। তবে সম্ভাবনা আর প্রমাণ এক বিষয় নয় উল্লেখ করে তিনি বলেন, অভিযোগের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত হওয়া প্রয়োজন। অভিযোগ মিথ্যা হলে সংশ্লিষ্ট ব্যক্তি কলঙ্কমুক্ত হবেন, আর সত্য প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, চাকরির ক্ষেত্রে সুপারিশনির্ভর সংস্কৃতি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সুযোগ সৃষ্টি করে। এই ব্যবস্থার সংস্কারের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

ফারুক, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...