ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম ও কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতায় তলিয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, নষ্ট হয়েছে ফসল এবং জীবিকা হারিয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
দুর্গত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সংস্থাটি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ৫০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে অস্থায়ী আশ্রয়ের জন্য ত্রিপল বিতরণ করেছে। একই সঙ্গে কক্সবাজারের পেকুয়া উপজেলায় আরও ৫০০ পরিবারকে চাল, ডাল, তেল ও লবণসহ জরুরি খাদ্য প্যাকেজ প্রদান করা হয়েছে।
আইওএম জানিয়েছে, তাৎক্ষণিক মানবিক সহায়তার পাশাপাশি জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ সরকারের সঙ্গে দীর্ঘমেয়াদে কাজ করতে সংস্থাটি প্রতিশ্রুতিবদ্ধ।
আইওএম বাংলাদেশের চিফ অব মিশন ড. লরা টম বনদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে তাদের সক্ষমতা বাড়াতে আইওএম কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশে পরিণত হয়েছে। এর ফলে দেশে প্রায় সাড়ে ৪৯ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। তাদের একটি বড় অংশ বারবার বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়ে মানবিক সংকটে জীবনযাপন করছে।
সাব্বির,চট্টলা২৪

