চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী লিংক রোডে অবস্থিত জালালাবাদ তা’লীমুল কুরআন মাদ্রাসায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ।
মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে মাদ্রাসাটিতে আগুন লাগে। এতে প্রায় ৩০০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং আবাসিক ভবন সম্পূর্ণ পুড়ে যায়।
বুধবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন মুহাম্মদ শাহেদ। এ সময় উপস্থিত ছিলেন বায়েজিদ বোস্তামী থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল্লাহ আল হারুন, ৪৪ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সদস্য সচিব জাফর আহমদ খোকন, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, যুবদলের সাবেক সহ-তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পরিদর্শন শেষে মুহাম্মদ শাহেদ ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শিক্ষার্থীদের দুই দিনের খাবার, প্রয়োজনীয় পোশাক এবং শিক্ষা উপকরণের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের একটি তদন্ত দল কাজ করছে। পাশাপাশি প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
ফারুক, চট্টলা২৪

