চট্টগ্রাম নগরীর বিভিন্ন আবাসিক, বাণিজ্যিক ভবন ও হাসপাতালের নকশা অনুমোদিত পার্কিং স্থান অবমুক্ত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (ট্যাগ)।
সম্প্রতি সিডিএ চেয়ারম্যান বরাবর পাঠানো এক আবেদনে সংগঠনটির ইনচার্জ মোহাম্মদ আজিম উদ্দিন ছিদ্দিকী এ দাবি জানান।
আবেদনে বলা হয়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক ভবন, হাসপাতালসহ বিভিন্ন স্থাপনায় অনুমোদিত নকশা অনুযায়ী পার্কিং রাখার বাধ্যবাধকতা থাকলেও অনেক ক্ষেত্রে সেই পার্কিং স্থান দোকান, গুদাম কিংবা অন্যান্য বাণিজ্যিক কাজে ব্যবহার করা হচ্ছে।
এতে ভবনে আসা যানবাহন বাধ্য হয়ে সড়ক কিংবা সড়কের পাশে পার্কিং করছে। ফলে সড়কের কার্যকর প্রস্থ কমে গিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং নগরীতে যানজট দিন দিন বাড়ছে। বিশেষ করে হাসপাতাল, মার্কেট, বাণিজ্যিক ভবন ও বহুতল আবাসিক ভবনের সামনে অনিয়ন্ত্রিত পার্কিংয়ের কারণে জরুরি সেবার যানবাহনের চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
আবেদনে আরও বলা হয়, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) এবং সিডিএর প্রচলিত বিধি অনুযায়ী ভবনের নির্ধারিত পার্কিং স্থান সংরক্ষণ ও ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু অনেক ক্ষেত্রে এসব পার্কিং স্থান দখল বা পরিবর্তন করে ভাড়া দেওয়া হচ্ছে, যা বিধিমালার পরিপন্থী।
এ অবস্থায় জনস্বার্থে অনুমোদিত নকশা অনুযায়ী নির্ধারিত পার্কিং স্থান দ্রুত অবমুক্ত করা, অবৈধ দখল উচ্ছেদ এবং ভবিষ্যতে পার্কিং স্থান অন্য কাজে ব্যবহার বন্ধে প্রয়োজনীয় তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণে সিডিএ চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেছে ট্রাফিক সহায়তাকারী গ্রুপ (ট্যাগ)।
আবেদনে বলা হয়, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে চট্টগ্রাম নগরীর যানজট কমবে, সড়ক ব্যবস্থাপনার উন্নতি হবে এবং নাগরিকদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা সম্ভব হবে
ফারুক, চট্টলা২৪

