বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে, আপনাকে যত্নশীল হতে হবে… সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না। সাদা কাপড়ে কম লাগে, কিন্তু যা লাগে, তা ভাসে। ভেরি কেয়ারফুল।’
নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামী কোনো ছাড় দেয় না মন্তব্য করে দলটির আমির বলেন, দলের কারও অন্যায় ধরা পড়লে তা সহনীয় মাত্রার হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, কিন্তু গুরুতর হলে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (আইডিইবি) মাল্টিপারপাস হলে ঢাকা জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে এ কথা বলেন শফিকুর রহমান।
দলের নেতা-কর্মীদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ। আমাদেরও ভুলত্রুটি হয়। আমরা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না।…আমাদের অন্যায়-অপরাধ দেখলে ধরে দিন। আমরা কথা দিচ্ছি, সংশোধন করব।’
সোহাইল, চট্টলা২৪

