চট্টগ্রামের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকার তালিমুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা আজহার উদ্দিনকে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাটিকে ‘বলাৎকার’ নয় বরং অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শসংক্রান্ত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শুক্রবার (২৪ জুলাই) মাদ্রাসা এলাকা থেকে খুলশী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি মৃত আনোয়ারুল হকের ছেলে।
মামলার বাদী মোহাম্মদ দিদার জানান, মাদ্রাসার ওই পরিচালকের বিরুদ্ধে যৌন নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগে মামলা করা হয়েছে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এখন বিষয়টি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হবে। পরবর্তী পদক্ষেপ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।
এদিকে অভিযোগের ধরন নিয়ে ভিন্ন তথ্য দিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি বলেন, মাওলানা আজহার উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এটি বলাৎকারের ঘটনা নয়। অভিযোগটি ‘ব্যাড টাচ’ বা অনাকাঙ্ক্ষিত যৌন স্পর্শসংক্রান্ত। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার বিস্তারিত অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ফারুক, চট্টলা২৪

