বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাঙা সড়কের গর্তে পড়ে লরিচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, খানাখন্দে ভরা সড়কের গর্তে পড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তিনি। এরপর চলন্ত লরির চাকায় পিষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মেহেদি হাসান (২৫)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হালিম শেখ এবং মায়ের নাম হাওয়া বেগম। তিনি নগরের সিঅ্যান্ডবি এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী ও এক ছেলে নিয়ে তাঁর পরিবার। তিনি মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহন করে সংসারের খরচ নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইপিজেড থানার নেভি হাসপাতাল গেট এলাকার সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা। সড়কের এক পাশে প্রায়ই পানি জমে থাকে। পাশেই রয়েছে ময়লার স্তূপ। রাতে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় একটি গর্তে পড়ে মেহেদি হাসানের মোটরসাইকেলটি। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পাশ দিয়ে যাওয়া একটি কনটেইনারবাহী লরির নিচে পড়েন মেহেদি হাসান। লরিটির পেছনের চাকার নিচে তাঁর মাথা পিষ্ট হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। বর্তমানে লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...