চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রিমন দাশ গুপ্তকে (৪২) আটক করেছে পুলিশ।
শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার হাইলধর ইউনিয়নের পূর্ব গুজরা এলাকার চৈতন্য মহাজন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় বাসিন্দা স্বপন দাশ গুপ্ত (৬৫) ও তাঁর স্ত্রী কল্পনা দাশ (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে মা-বাবার সঙ্গে বাইরে থেকে বাড়ি ফেরার কিছুক্ষণ পর ধারালো অস্ত্র দিয়ে প্রথমে মাকে এলোপাতাড়ি আঘাত করেন রিমন। স্ত্রীকে রক্ষা করতে গেলে বাবা স্বপন দাশ গুপ্তকেও ছুরিকাঘাত করেন তিনি। ঘটনাস্থলেই কল্পনা দাশ মারা যান। গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতিকালে তাঁর মৃত্যু হয়।
নিহত কল্পনা দাশের ছোট জা তিথি দাশ জানান, রিমন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাঁকে একাধিকবার মাদক নিরাময় কেন্দ্রেও ভর্তি করা হয়েছিল। ঘটনার সময় পরিবারের সদস্যরা চিৎকার শুনে ছুটে এসে স্বামী-স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, গুরুতর আহত অবস্থায় স্বপন দাশ গুপ্তকে হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতির সময় তিনি মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিমন দাশ গুপ্তকে আটক করে। ঘটনাস্থল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং হাসপাতালে আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সাব্বির, চট্টলা২৪

