‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামজুড়ে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলার ৩ হাজার ৩০০টিরও বেশি সরকারি ভবনের ছাদ ও আঙিনায় একযোগে পরিচালিত এ কর্মসূচিতে অংশ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। র্যালিটি সার্কিট হাউস থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি, চট্টগ্রাম অফিসার্স ক্লাব ও রেডিসন ব্লু এলাকা প্রদক্ষিণ করে আবার সার্কিট হাউসে এসে শেষ হয়।
র্যালিতে চট্টগ্রাম ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। পরে ওয়াসার প্রধান কার্যালয়ের নতুন ও পুরোনো ভবনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, “চট্টগ্রাম জেলা প্রশাসনের এ সময়োপযোগী উদ্যোগকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। পরিষ্কার-পরিচ্ছন্নতা আমাদের ঈমানের অংশ এবং মানুষ হিসেবে নৈতিক দায়িত্ব। বাসযোগ্য ও নিরাপদ নগর গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “অফিস কিংবা বাসাবাড়ি—যেখানেই থাকি না কেন, নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে কাজের পরিবেশ যেমন উন্নত হবে, তেমনি সুস্থ, সুন্দর ও নান্দনিক চট্টগ্রাম গড়ার পথও সহজ হবে।”
এ সময় তিনি চট্টগ্রাম ওয়াসার প্রধান কার্যালয়ের নতুন ও পুরোনো ভবনসহ সব স্থাপনা ভবিষ্যতেও দায়িত্বশীলতার সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন।
সাব্বির, চট্টলা২৪

