বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে বিএনপির সিদ্ধান্ত স্থায়ী কমিটিতে: মির্জা ফখরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের পরবর্তী রাষ্ট্রপতি বিএনপির দলীয় প্রার্থী হবেন নাকি দলনিরপেক্ষ কোনো ব্যক্তি—সে বিষয়ে সিদ্ধান্ত নেবে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। সংবিধান ও প্রযোজ্য আইন অনুসরণ করে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে আয়োজিত দুই দিনব্যাপী ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সংঘাতের রাজনীতি পরিহার করে শিক্ষা, মর্যাদা ও টেকসই উন্নয়নের পথ বেছে নিতে হবে। দেশকে এগিয়ে নিতে প্রতিটি গ্রামকে আধুনিক অর্থনীতি ও শহুরে সুযোগ-সুবিধার সঙ্গে যুক্ত করতে হবে। এ লক্ষ্য বাস্তবায়নে আরডিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সর্বজনীন ও মানসম্মত শিক্ষা এবং সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ, কৃষকের ফসলের ন্যায্যমূল্য এবং শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক ও বাসযোগ্য সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

চতুর্থ শিল্প বিপ্লবের (৪আইআর) চ্যালেঞ্জ মোকাবিলায় আরডিএকে আন্তর্জাতিক মানের উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক, সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, মোশারফ হোসেন, কাজী রফিকুল ইসলাম, গোলাম মোহাম্মদ সিরাজ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন (রনি)।

সম্মেলনে আরডিএর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা বক্তব্য দেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামানিক। পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেনের আহ্বানে আয়োজিত এ সম্মেলনে উন্মুক্ত আলোচনা, উদ্ভাবিত পণ্যের প্রদর্শনী এবং গবেষণাবিষয়ক পোস্টার উপস্থাপন করা হয়।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...