চট্টগ্রামে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগরের বন্যার্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার নগরের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব ও ত্রাণ কমিটির আহ্বায়ক নাজিমুর রহমান। এতে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।
সভায় এরশাদ উল্লাহ বলেন, বন্যার তাৎক্ষণিক সংকট অনেক এলাকায় কমলেও ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ এখনো শেষ হয়নি। অনেক পরিবার ঘরবাড়ি, প্রয়োজনীয় সামগ্রী ও জীবিকার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। তাই পুনর্বাসন কার্যক্রমে দ্রুত সম্পৃক্ত হয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। তিনি মহানগর বিএনপির থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সমাজের সামর্থ্যবান ব্যক্তি, ব্যবসায়ী ও শুভানুধ্যায়ীদের পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান।
সভায় নেতারা চলমান ত্রাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন এবং পুনর্বাসন কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। সভায় সিদ্ধান্ত হয়, মহানগর বিএনপির আওতাধীন থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের তথ্য সংগ্রহ, প্রয়োজন নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়িয়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, শফিকুর রহমান স্বপন, নিয়াজ মোহাম্মদ খান, শাহ আলম, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন।
ফারুক, চট্টলা২৪

