কক্সবাজারের উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ মো. হাফেজ উল্লাহকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।
আটক হাফেজ উল্লাহ টেকনাফ সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া এলাকার মৃত তমিম গোলালের ছেলে। তিনি টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফা।
কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ইনানী মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে হাফেজ উল্লাহর কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্যসহ তাকে ঘটনাস্থলেই আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, হাফেজ উল্লাহর বিরুদ্ধে আন্তর্জাতিক ও আন্তজেলা মাদক পাচারের একাধিক অভিযোগ রয়েছে। এর আগে ২০২৩ সালের ১৯ ফেব্রুয়ারি চট্টগ্রামের কর্ণফুলী এলাকায় র্যাব-৭-এর অভিযানে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বাস থেকে তাকে আটক করা হয়। সে সময় তার ব্যবহৃত ট্রলি ব্যাগ থেকে ৫ হাজার ১৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি টেকনাফ সীমান্ত থেকে ইয়াবার চালান এনে চট্টগ্রামে সরবরাহের কথা স্বীকার করেছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। পরে তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর বলেন, হাফেজ উল্লাহ সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ফুফা এবং ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ২০২৩ সালে বিপুল পরিমাণ ইয়াবাসহ গ্রেপ্তার হওয়ার ঘটনায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
সোহাইল, চট্টলা২৪

