চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ জুলাই) বেলচূড়া এলাকায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, এই প্রকল্প দক্ষিণ চট্টগ্রামের শিল্পায়ন ও অর্থনীতিতে নতুন গতি আনবে।
তিনি জানান, বর্তমানে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা থাকলেও অবকাঠামোসহ মোট বিনিয়োগ এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ অঞ্চলে এক লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অর্থমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে এ বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শিল্পকারখানার পাশাপাশি আবাসন, পরিবহন, লজিস্টিকস, সেবাখাত এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, সিআরবিসির প্রেসিডেন্টসহ সরকারি কর্মকর্তা ও দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
সাব্বির, চট্টলা২৪

