চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানার বিশেষ অভিযানে জুলাই আন্দোলনের সময় লুণ্ঠিত দুটি বিদেশি ৯ এমএম পিস্তল ও দুই হাজার পিস ইয়াবাসহ মো. আলমগীর (৩০) নামে এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৫ জুলাই ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া রেলবিট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ডবলমুরিং মডেল থানা থেকে ২০২৪ সালের ৫ আগস্ট লুণ্ঠিত দুটি ম্যাগাজিনযুক্ত টরাস (TAURUS) ৯ এমএম পিস্তল এবং দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের দাবি, অভিযান চলাকালে আলমগীরের সহযোগীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ ২৭ রাউন্ড রাবার কার্তুজ নিক্ষেপ করে। এ ঘটনায় আগ্রাবাদ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবিনুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। গুরুতর আহত এসআই মোবিনুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর ডবলমুরিং ও খুলশী থানায় মাদক, হামলা, সরকারি কাজে বাধা, হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সিএমপি জানায়, গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে আগে থেকেই মাদক, বিস্ফোরক দ্রব্য আইন ও অন্যান্য অপরাধে মোট ২৪টি মামলা রয়েছে।
সাব্বির, চট্টলা২৪

