চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানার অভিযানে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী ডেভিড ইমনের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (২৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অক্সিজেন-কোয়াইশ সড়কের ওয়াজেদিয়া খেলার মাঠ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আসিফ (২৫) ও তার সহযোগী সাইদুল ইসলাম ওরফে আরিফকে (২৪) আটক করা হয়।
পুলিশ জানায়, তল্লাশিতে আসিফের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনে থাকা দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া আরিফের পকেট থেকে আরও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির বৈধ লাইসেন্স বা কাগজপত্র তারা দেখাতে পারেননি।
সিএমপির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী বলে স্বীকার করেছেন। তারা অবৈধ অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কথাও জানিয়েছেন বলে পুলিশের দাবি।
এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেপ্তার আসিফের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, অস্ত্র আইন, সরকারি কর্মচারীর ওপর হামলা ও হত্যাচেষ্টাসহ মোট ১১টি মামলা রয়েছে। আর সাইদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে চাঁদাবাজির দুটি মামলা রয়েছে।
সাব্বির, চট্টলা২৪

