বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রাউজানে যুবদল নেতা খুনের ঘটনায় শুটার ‘ধামা ইলিয়াছ’ গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যায় সরাসরি অংশ নেওয়া শুটার মো. ইলিয়াস ওরফে ‘ধামা ইলিয়াসকে’ গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গত সোমবার ঢাকার একটি হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই রাতেই ইলিয়াসকে চট্টগ্রামে নিয়ে আসা হলে গতকাল মঙ্গলবার পুলিশ তাকে আদালতে হাজির করে। আদালত শুনানি শেষে তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গ্রেপ্তার ইলিয়াস (৪০) চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’ গ্যাংয়ের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। সে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের মাধ্যম কদলপুর উত্তর শমমেরপাড়া এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। পুলিশের তথ্যানুযায়ী, তার বিরুদ্ধে পাঁচটি হত্যা মামলাসহ অন্তত ১৮টি মামলা রয়েছে।

মামলার নথিসূত্রে জানা যায়, গত ১৩ জুন বেলা দেড়টার দিকে রাউজানের পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে প্রকাশ্যে গুলি চালিয়ে হত্যা করা হয় মাসুদুল হক চৌধুরীকে। তিনি পার্শ্ববর্তী রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাঙ্গুনিয়ার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। নিহত মাসুদুল নিজেও আগামী স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে আগ্নেয়াস্ত্র হাতে ইলিয়াসকে সরাসরি গুলি ছুঁড়তে দেখা যায়। পুলিশের ধারণা, কর্ণফুলী নদীর বালুমহালের আধিপত্য ও নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটে।

ঘটনার দুদিন পর ১৫ জুন নিহতের বড় ভাই পেয়ারুল হক চৌধুরী বাদী হয়ে রাউজান থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ও ধামা ইলিয়াসসহ ১১ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও সাত-আটজনকে আসামি করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন আসামিদের মধ্যে ইলিয়াস ও দিদারুল প্রথমে মাসুদুলকে লক্ষ্য করে গুলি ছোড়েন। পরবর্তী সময়ে অন্যান্য সহযোগীরা এগিয়ে এসে তাকে আরও কয়েক রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে। সিসিটিভি ফুটেজে অংশ নেওয়া হামলাকারীদের একজনের মুখে মাস্ক থাকলেও ইলিয়াসসহ বাকিদের চেহারা স্পষ্ট দেখা গেছে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে আসামির রিমান্ড আবেদন করে পুলিশ। মামলার শুনাহিসেবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাখাওয়াত হোসেন দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মামলাটি বর্তমানে ডিবির তদন্তাধীন রয়েছে। ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। যুবদল নেতা হত্যাকাণ্ডে সে সরাসরি অংশ নিয়েছিল। আসামিকে রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...