চট্টগ্রাম নগরীর ওয়াসা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির দায়ে তিন রেস্টুরেন্টকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) সকালে ওয়াসা এলাকায় বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের একটি টিম।
অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পোড়া তেল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে পুরোনো বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ বলেন, “অভিযানের সময় প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি পাওয়া গেছে। এসব অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তিন প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি জানান, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
সোহাইল, চট্টলা২৪

