চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক হত্যা ও চাঁদাবাজি মামলার আসামি মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর চট্টগ্রামে এনে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তার গ্রেপ্তারের বিস্তারিত তুলে ধরা হয়।
পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) ভোরে যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে যশোরের ঝুমঝুমপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসানো হয়। সেখানে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ডেভিড ইমন ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয়। বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতির সময় তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি নিজের চেহারা ও গোঁফের ধরন পরিবর্তন করেছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে প্রিজন ভ্যানে তোলার সময় সাংবাদিকদের উদ্দেশে ডেভিড ইমন বলেন, “আমার অনেক কিছু বলার আছে।” তবে তাৎক্ষণিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আর কথা বলতে দেননি।
পুলিশের দাবি, ডেভিড ইমন বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর অন্যতম প্রধান সহযোগী। তার বিরুদ্ধে বাকলিয়ার জোড়া খুন, পতেঙ্গায় ঢাকাইয়া আকবর হত্যা, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলা, চাঁদাবাজিসহ ১১টিরও বেশি গুরুতর মামলার অভিযোগ রয়েছে।
প্রেস ব্রিফিং শেষে কঠোর পুলিশি প্রহরায় তাকে আদালতে হাজির করা হয়।
সাব্বির, চট্টলা২৪

