বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রেস ক্লাবে এনসিপি-বিএনপি মুখোমুখি, পুলিশের হস্তক্ষেপ

হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রেস ক্লাব এলাকায় এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

জানা যায়, কর্মসূচি পালনের জন্য এনসিপির নেতাকর্মীরা প্রেস ক্লাব এলাকায় জড়ো হলে সেখানে বিএনপির নেতাকর্মীরাও অবস্থান নেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে।

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে আশপাশের কয়েকটি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দেন মালিকরা। কিছু সময়ের জন্য প্রেস ক্লাবের সামনের সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক হয়।

এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্যসচিব আরিফ মঈনুদ্দিন সাংবাদিকদের বলেন, হবিগঞ্জে দলের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার প্রতিবাদে তারা কর্মসূচি পালন করছিলেন। কর্মসূচির শেষ দিকে বিএনপির একদল নেতাকর্মী তাদের ঘিরে ফেলে এবং নেতাকর্মীদের জোরপূর্বক সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে তারা চড়াও হয় বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, বিএনপি নেতা শাহেদ বঙের নেতৃত্বে এ ঘটনা ঘটে।

অন্যদিকে, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহেদ বঙ অভিযোগ অস্বীকার করে বলেন, এনসিপির কয়েকজন নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করছেন—এমন তথ্য ছাত্রদলের নেতাকর্মীরা তাকে জানান। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং দুই পক্ষকে আলাদা করে দেন। তার দাবি, বিএনপির পক্ষ থেকে এনসিপির কোনো নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সোহাইল, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...

ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মৃত প্রসব হলো প্রথম সন্তান

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা এক নারীর...