দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালুর প্রক্রিয়া আগামী ২০২৬ সালের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বন্ধ সরকারি শিল্পকারখানা পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং শিল্প খাতে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৈঠকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পপ্রতিষ্ঠানগুলো দ্রুত চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, প্রশাসনিক জটিলতা দূর করে কার্যক্রমে গতি আনা এবং বেসরকারি বিনিয়োগের মাধ্যমে উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী এ পুরো প্রক্রিয়া ২০২৬ সালের মধ্যেই শেষ করার নির্দেশ দিয়েছেন।
উপ-প্রেস সচিব আরও জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিত এবং কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সোহাইল, চট্টলা২৪

