ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর দপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. মাহবুবুর রহমান চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) তিনি মাদ্রাসার বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে পাঠদান কার্যক্রম, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন। পরে তিনি মাদ্রাসার দেওয়ালিকা উদ্বোধন করেন।
এরপর মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুর রহমান বলেন, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষা কার্যক্রমের গুণগত উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠার বিকল্প নেই। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন।
পরিদর্শনের অংশ হিসেবে তিনি শ্রেণি কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, অফিস পরিচালনা, শিক্ষার্থীদের উপস্থিতি, আয়-ব্যয়ের হিসাব ও বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে শিক্ষক কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো সুশৃঙ্খল প্রশাসন, মানসম্মত শিক্ষা, জবাবদিহিমূলক ব্যবস্থাপনা এবং শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা।” তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোকে গুণগত ও যুগোপযোগী শিক্ষার কেন্দ্রে পরিণত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির দাতা সদস্য আলহাজ মুনিরুল ইসলাম এবং বিদ্যোৎসাহী সদস্য মো. শফিকুল ইসলাম। এছাড়া গভর্নিং বডির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
ফারুক, চট্টলা২৪

