চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) বিদ্যুৎ বিভাগের এক বৈদ্যুতিক সহকারীর বিরুদ্ধে নগরের অক্সিজেন এলাকার কেডিএসের সামনে থেকে চারটি এলইডি বাতির খুঁটি সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত কর্মচারীর কাছ থেকেই খুঁটিগুলো উদ্ধার করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। তবে উদ্ধার হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি চসিক।
অভিযুক্ত কর্মচারীর নাম শিমুল ভৌমিক। তিনি চসিকের বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক সহকারী হিসেবে কর্মরত।
চসিকের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাফকাত বিন আমিন বলেন, “ঘটনাটি আমরাও জেনেছি এবং অভিযুক্ত শিমুল ভৌমিকের বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র করেছি। তবে গতকাল বৃহস্পতিবার হওয়ায় নথিগুলো প্রসেস করা সম্ভব হয়নি।”
তবে অভিযুক্ত কর্মচারীর কাছ থেকে খুঁটিগুলো উদ্ধার করা হয়েছে কি না, এ বিষয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো মন্তব্য করেননি।
অভিযুক্ত কর্মচারীর বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে শাফকাত বিন আমিন বলেন, “এ ব্যাপারে আমি কিছু বলতে পারব না। এখানে যে প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, সে অনুযায়ী কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”
এদিকে আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় পাঁচ থেকে ছয় বছর আগে জিপিওর ডিপিএসের পাসবই জালিয়াতির একটি মামলায় শিমুল ভৌমিক গ্রেপ্তার হয়ে কারাবাস করেন। ওই মামলায় তিনি অভিযোগপত্রভুক্ত (চার্জশিটভুক্ত) আসামি এবং মামলাটি বর্তমানে চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে বিচারাধীন রয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানতে শিমুল ভৌমিকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
ফারুক, চট্টলা২৪

