মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, আগামী সপ্তাহেই একদল মার্কিন বিনিয়োগকারী বাংলাদেশ সফরে আসছেন। তারা বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা যাচাই করবেন এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন।
শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, বৈঠকটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্ব দিয়েছে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক অংশীদারত্ব আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সামনে থাকা বিস্তৃত সুযোগগুলো কাজে লাগিয়ে যৌথ উদ্যোগের মাধ্যমে উভয় দেশ ইতিবাচক ফল অর্জন করতে সক্ষম হবে।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের দ্বিতীয় দিন শুক্রবার তিনি কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেন। সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমান, মানবিক সহায়তার বর্তমান পরিস্থিতি এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এই সফরকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং চলমান দ্বিপাক্ষিক সংলাপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। তিন দিনের সফর শেষে আজ শনিবার তাঁর ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
ফারুক, চট্টলা২৪

