চট্টগ্রাম থেকে ঢাকাগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের মিরসরাই উপজেলার উত্তর ওয়াহেদপুর এলাকায় প্রায় এক ঘণ্টা আটকে ছিল। ট্রেনটির শীতাতপনিয়ন্ত্রিত (এসি) চেয়ার কারের একটি কোচের কম্প্রেসারে ত্রুটি দেখা দিলে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ত্রুটি আংশিকভাবে সমাধান করা হলে ট্রেনটি ধীরগতিতে ঢাকার উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৫টায় নির্ধারিত সময়েই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায় সোনার বাংলা এক্সপ্রেস। সীতাকুণ্ড অতিক্রম করার পর একটি এসি কোচের কম্প্রেসারে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে মিরসরাইয়ের উত্তর ওয়াহেদপুর এলাকায় ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।
সোনার বাংলা এক্সপ্রেসের পরিচালক সুজন দত্ত জানান, ত্রুটি সারাতে রেলওয়ের কারিগরি কর্মীরা দ্রুত কাজ শুরু করেন। তবে কম্প্রেসার থেকে অনবরত বাতাস বের হওয়ায় তাৎক্ষণিকভাবে ট্রেনটি চালানো সম্ভব হয়নি। পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পর ট্রেনটি সীমিত গতিতে চলাচল শুরু করে।
ট্রেনে থাকা এক যাত্রী বলেন, নির্ধারিত সময়েই ট্রেনটি চট্টগ্রাম থেকে ছেড়েছিল। কিন্তু সীতাকুণ্ড পার হওয়ার পর হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে উত্তর ওয়াহেদপুর এলাকায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। এ সময় কখন ট্রেনটি আবার চলবে, সে বিষয়ে যাত্রীদের স্পষ্ট কোনো তথ্য দেওয়া হয়নি।
ওই যাত্রী আরও বলেন, “সোনার বাংলা এক্সপ্রেসে যতবার ভ্রমণ করেছি, ততবারই কোনো না কোনো সমস্যার মুখে পড়তে হয়েছে। এবারও যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় আটকে থাকতে হয়েছে।”
এদিকে একই রেলপথে চলাচলকারী চট্টগ্রাম-চাঁদপুর রুটের মেঘনা এক্সপ্রেসও সোনার বাংলা এক্সপ্রেসের পেছনে অপেক্ষমাণ থাকায় দুটি ট্রেনের শত শত যাত্রীকে দুর্ভোগ পোহাতে হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত সোনার বাংলা এক্সপ্রেস উত্তর ওয়াহেদপুর এলাকা ছেড়ে ধীরগতিতে ঢাকার পথে এগিয়ে যাচ্ছিল।
ফারুক, চট্টলা২৪

