চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নে জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে মো. রফিক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার বোন রাজু বেগমকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইদিলপুর এলাকার মিয়াজীবাড়ি থেকে রফিকের মরদেহ উদ্ধার করে ভূজপুর থানা পুলিশ।
নিহত মো. রফিক ওই এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রফিক ও তার বোন রাজু বেগম একই বাড়িতে বসবাস করতেন। ভিটেমাটি ও জায়গা-জমি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে ভাই-বোনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে ঘরের ভেতর থেকে চিৎকারের শব্দ শুনে পাশের ঘরের ভাড়াটিয়ারা ছুটে যান। তারা দরজার পাশে রফিককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্বজনদের খবর দেন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে বলেন, ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর রাজু বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
ফারুক, চট্টলা২৪

