বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

গবেষণায় প্রতিযোগিতা বাড়াতে হবে, তবেই এগোবে বিশ্ববিদ্যালয়: সাঈদ আল নোমান

বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির জন্য গবেষণায় প্রতিযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদান করে না; জ্ঞান সৃষ্টি করে এবং আলোকিত মানুষ গড়ে তোলে। তাই গবেষণাকেন্দ্রিক শিক্ষা ও শেখার পরিবেশ নিশ্চিত করতে হবে।

শনিবার (১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাঈদ আল নোমান বলেন, বিশ্ববিদ্যালয়ের মূল প্রতিযোগিতা হওয়া উচিত গবেষণায়। কীভাবে শিক্ষার্থীদের আরও বেশি শেখানো যায়, নতুন জ্ঞান সৃষ্টি করা যায় এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায়—সেই লক্ষ্যেই কাজ করতে হবে। তিনি বলেন, সিভাসু এ ধারায় কাজ করছে বলেই এটি আন্তর্জাতিক মানের একটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষা শুধু জাতির মেরুদণ্ড নয়, শিক্ষা মানুষের জন্য অক্সিজেনের মতো অপরিহার্য। জুলাই গণঅভ্যুত্থান যে আদর্শ ও প্রেরণা দিয়েছে, তা বাস্তবায়নে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যা আলোকিত সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যেন কোনোভাবেই কলুষিত হতে না দেওয়া হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

সংসদ সদস্য বলেন, শিক্ষার অনুকূল পরিবেশ নষ্ট হলে শিক্ষাপ্রতিষ্ঠান তাদের প্রকৃত ভূমিকা পালন করতে পারে না। তাই শিক্ষক, প্রশাসক ও রাজনীতিবিদদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল সমাজ পরিবর্তনের মাধ্যমে জাতি গঠন। এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে শুধু অনুসারী নয়, চিন্তার নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি হবে।

সিভাসুর উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. নূরুল হক, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) অধ্যাপক ড. এ. কে. এম. সাইফুদ্দিন, ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলম, সিভাসু অফিসার সমিতির সভাপতি খলিলুর রহমান এবং সিভাসু শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন তালুকদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নাঈমা ফেরদৌসী হক ও ড. মেহের নাহিদ। শুরুতে বিশ্ববিদ্যালয় এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...