পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়াই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার দায়ে চট্টগ্রাম নগরের মেহেদীবাগ এলাকায় অবস্থিত বেসরকারি এরিস্টোকেয়ার হাসপাতালকে ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে। সোমবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) লঙ্ঘন করে কোনো ধরনের প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ ছাড়াই নগরের চকবাজার এলাকার মেহেদীবাগ রোডে হাসপাতালটি চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে। পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র ছাড়া কার্যক্রম পরিচালনা করায় বিষয়টি পরিবেশ আইন লঙ্ঘনের আওতায় পড়ে।
একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত তরল বর্জ্যের যথাযথ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, তরল বর্জ্য পরিশোধনের কার্যকর ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত হাসপাতালের কার্যক্রম পরিচালনার বিষয়ে সতর্ক থাকতে হবে।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, গত ২৯ জুলাই অধিদপ্তরের একটি পরিদর্শন দল হাসপাতালটি পরিদর্শন করে বিভিন্ন অনিয়মের প্রমাণ পায়। পরিদর্শনের সময় দেখা যায়, হাসপাতালটি পরিবেশ অধিদপ্তর থেকে প্রয়োজনীয় অবস্থানগত ছাড়পত্র গ্রহণ করেনি। এ অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষকে শুনানিতে তলব করা হয়।
তিনি আরও জানান, শুনানিতে হাসপাতাল কর্তৃপক্ষ অনিয়মের বিষয়টি স্বীকার করলে বিদ্যমান আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ১ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়।
মুক্তাদির হাসান বলেন, পরিবেশ দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ও আইনগত ব্যবস্থা ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলবে।
সাব্বির, চট্টলা২৪

