চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা দূরীকরণ, পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং টেকসই নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে খাল পুনরুদ্ধার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মঙ্গলবার নগরীর চকবাজার ফুলতলা এলাকার রসুলবাগ (চাক্তাই) খাল পরিদর্শনকালে তিনি চলমান খনন, পরিচ্ছন্নতা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় খালের পানিপ্রবাহ ও পরিচ্ছন্নতার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, নিরাপদ ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করতে খালগুলোর স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খাল শুধু পানি নিষ্কাশনের অবকাঠামো নয়, বরং নগরীর পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়ে তুলতে খালের প্রবাহ সচল রাখার বিষয়ে সিটি করপোরেশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, রসুলবাগ খালে চলমান খনন ও পরিচ্ছন্নতা কার্যক্রম সন্তোষজনকভাবে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে প্রকল্প বাস্তবায়ন করায় সংশ্লিষ্ট ঠিকাদারদের প্রশংসা করেন তিনি।
মেয়র বলেন, উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি ভবিষ্যতে খালের নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা জরুরি। জনগণের অর্থে বাস্তবায়িত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সর্বোচ্চ মান বজায় রাখা সংশ্লিষ্ট সবার দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, খাল পুনরুদ্ধার ও সমন্বিত উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক বাস্তবায়নের মাধ্যমে ধাপে ধাপে চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, আধুনিক ও জলাবদ্ধতামুক্ত নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী।
সাব্বির, চট্টলা২৪

