বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে, চাইলেই শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সময়ে প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম রয়েছে। ফলে কেউ চাইলে শেখ হাসিনার বক্তব্য শুনতে পারবেন, তা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।

বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে সরাইল উপজেলা প্রশাসন।

শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘গণমাধ্যম শুধু ২৬টি টেলিভিশন চ্যানেল নয়। এখন প্রত্যেক মানুষের হাতেই গণমাধ্যম আছে। যে শুনতে চাইবে, সে শুনতে পারবে। এভাবে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। শেখ হাসিনার আমলে যেমন তারেক রহমানের বক্তব্য আদালতের আদেশে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটিই বা কীভাবে গণতন্ত্র হয়?’

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক এবং দেশের রাজনীতিতে তার ও তার পরিবারের দীর্ঘদিনের অবদান রয়েছে। সব দিক বিবেচনায় তার ব্যক্তিগত ধারণা, শেখ হাসিনা দেশে ফিরে আসতে পারেন।

ছাত্রদল-ছাত্রশিবিরের সাম্প্রতিক সংঘর্ষ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থারই ইঙ্গিত দেয়। একই সঙ্গে এটি ছাত্রসংগঠনগুলোর ওপর রাজনৈতিক দলগুলোর নিয়ন্ত্রণ দুর্বল হওয়ারও প্রতিফলন।

স্থানীয় বিএনপির অনুষ্ঠান বর্জনের বিষয়ে তিনি বলেন, ‘মানুষ আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছে। বিএনপিকেও এই বাস্তবতা মেনে নিতে হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর কাদের ভূঁইয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

চট্টগ্রাম বিআরটিএতে দালালির অভিযোগে বৃদ্ধের ২০ দিনের কারাদণ্ড

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দালালির অভিযোগে মনজুর আলম (৬৫) নামে...

সড়ক নিরাপত্তায় হাটহাজারীর স্কুলছাত্রীদের সচেতনতামূলক কর্মশালা

চট্টগ্রামে সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা হ্রাসে শিক্ষার্থীদের সচেতন করতে...

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...